গুগলে মানচিত্র তৈরির সুবিধা

গুগলের মানচিত্র সেবা গুগল ম্যাপ ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান দেখা যায়। তবে সমস্যা হলো, সব স্থানের মানচিত্র একই রকম স্পষ্ট নয়, অনেক অংশেরই বিস্তারিত তথ্য পাওয়া যায় না। পৃথিবীর অনেক জায়গার মানচিত্রও গুগল ম্যাপে পাওয়া যায় না। বর্তমানে গুগল ম্যাপে (http://maps.google.com) যে ধরনের সেবা পাওয়া যাচ্ছে, তা বাড়ানোর লক্ষ্যে যারা মানচিত্র তৈরি করে থাকে, তাদের সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে ব্যবহারকারীদের জন্য একটি উন্নত তথ্যসমৃদ্ধ মানচিত্র তৈরি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। যে কেউ যেন এখানে অবদান রাখতে পারে সেই উদ্দেশ্যে গুগল ম্যাপমেকার (www.google.com/mapmaker) নামের একটি ওয়েবভিত্তিক প্রোগ্রামও তৈরি করা হয়েছে।
ব্যবহারকারীরা মানচিত্র তৈরি করা ছাড়াও এর বিভিন্ন স্থানে নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত করতে পারবে। যেমন, সড়ক ও রেলপথ, নদী বা খাল-বিল। সামগ্রিক এলাকার বর্ণনা দেওয়া ছাড়াও নির্দিষ্ট কোনো ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, পার্ক বা খেলার মাঠ সম্পর্কে তথ্য সংযোজন করা যাবে। গুগল ম্যাপে তিন ধরনের মানচিত্র দেখা যায়। প্রথমটি অন্যান্য সাধারণ মানচিত্রের মতো; একটি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা অতি উচ্চ রেজ্যুলেশনের ছবি থেকে তৈরি মানচিত্র, অন্যটি এ দুটির সংমিশ্রণে তৈরি করা হাইব্রিড সংস্করণ। এখানে যুক্ত করা সব তথ্য এসব মানচিত্র থেকেই দেখা যাবে।
অনুসন্ধান (find) এবং পরিভ্রমণ (browse) প্রোগ্রাম ব্যবহার করে নতুন তথ্য সংযোজন বা বর্তমান তথ্য সম্পাদনা করা যাবে। তিন ধরনের প্রোগ্রাম রয়েছে এখানে।প্লেস মার্ক দিয়ে কোনো নির্দিষ্ট স্থান চিহ্নিত করা যাবে।লাইন দিয়ে রাস্তা, রেলপথ, নদী বা হ্রদ দেখানো যাবে। আর বড় আকারের কোনো এলাকা তৈরি করতে পলিগন প্রোগ্রাম ব্যবহার করা যেতে পারে।
কৃত্রিম উপগ্রহের ছবিগুলো ব্যবহার করে সাধারণত গুগল মানচিত্রগুলো তৈরি করে থাকে। বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর ১২৭টি দেশের মানচিত্র সম্পাদনার সুবিধা চালু করা হয়েছে এবং অন্যান্য দেশের নামও তালিকায় যুক্ত করা হচ্ছে। যেকোনো সময় এখানে তথ্য সংযোজন করা যাবে, তবে এখানে লেখার সঙ্গে সঙ্গেই মূল মানচিত্রে এটি দেখা যাবে না। অন্যান্য ব্যবহারকারী, সম্পাদক ও মডারেটর তা যাচাই করার পরই কেবল মূল পাতায় দেখা যাবে; তবে এ জন্য অনেক সময়ের প্রয়োজন তা নয়। কারণ, গুগল প্রতিনিয়ত ম্যাপের তথ্য হালনাগাদ করার কাজ করে যাচ্ছে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

0 comments:

Post a Comment